জয়িতা হিসেবে সংবর্ধনা পেলেন তাদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেলো
……..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
শাহ্ আলম খান
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় চাঁদপুরে ৫জন জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসকের সহযোগিতায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি বক্তব্যে বলেন, আজ যারা জয়িতা হিসেবে সংবর্ধনা পেলেন তাদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেলো। আপনারা এখন থেকে যারা আপনাদের মতো নির্যাতিত হচ্ছে এবং সমাজে অবহেলিত অবস্থায় আছে তাদের সহযোগিতা করবেন। তারাও যেন আপনাদের মত জয়িতা হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে।
তিনি আরো বলেন, আপনারা আজকে যারা জয়িতা হয়েছেন তারা যেন তাদের বাবা-মা ও পরিবারকে দেখে রাখেন। বাবা-মা কষ্ট পায় এমন কোন কাজ করবেন না। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার কবিতা ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।
৫ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী চামেলী আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী ডা. মাহাবুবা সুলতানা, সফল জননী মোসাম্মৎ জেবুন্নাহার, নির্যাতনের পর নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন নন্দিতা দাস, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় মোসা. জুলেখা আক্তার।
উল্লেখ্য, আদিকাল হতে নারী মহীয়সী, নারী জয়তু, নারী বসুন্ধরা, মা জান্নাত ইত্যাদি হাজারো উঁচুতার শব্দে-বাক্যে-বাণীতে নারী সংজ্ঞায়িত। জেন্ডার বৈষম্যবিহীন সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে নারীর ক্ষমতায়নের কোন বিকল্প নাই। এ ক্ষমতায়নের মূল চালিকা শক্তি হচ্ছে সমন্বিত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি। তাই জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবং এর ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে ৫ম লক্ষ্য হল জেন্ডার সমতা আনয়ন ও নারীর ক্ষমতায়ন।
নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ এবং সম্প্রতিক সময়ের অর্জনসমূহ স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে নারী অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সার্বিক উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের মাধ্যমে ৫টি ক্যাটাগরিতে যথাঃ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী এবং নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী। ইউনিয়ন পর্যায় হতে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।
১০ ডিসেম্বর, ২০২০।
