চাঁদপুরের বিভিন্ন মসজিদে দোয়া
স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৬ ডিসেম্বর রাতে পাওয়া কোভিড-১৯ রিপোর্ট থেকে বিষয়টি জানা যায়। বর্তমানে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করে চাঁদপুরের বিভিন্ন মসজিদে দোয়া কামনা করা হয়েছে। ইতোমধ্যে দলীয় নেতৃবৃন্দ চাঁদপুর ও হাইমচর উপজেলার বিভিন্ন মসজিদ ও দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, গত রোববার রাতে শিক্ষামন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি বাসভবনে আইসোলেশন আছেন।
আবুল খায়ের আরো জানান, এর আগে শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। আইইডিসিআর মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। রোববার (৬ ডিসেম্বর) রাতে তার পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে, শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করেছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন (ইরাব) নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে বলে জানা গেছে।
১০ ডিসেম্বর, ২০২০।
