
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবীণ ব্যক্তিরা বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশ। বর্তমানে দেশের প্রায় ১ কোটি ২০ লাখ নাগরিক (৬০ বৎসর ঊর্ধ্বে) প্রবীণ নাগরিক। আগামি ২০২৫ সাল নাগাদ এই সংখ্যা হবে প্রায় ২ কোটি। প্রবীণদের কল্যাণে আমাদের জাতীয় রাজনীতি ও সরকার যথেষ্ট ইতিবাচক। প্রবীণ হিতৈষী সংঘ পরিচালিত স্বাস্থ্যসেবা ও আর্থিক সাহায্য প্রবীণদের কল্যাণে নিয়োজিত কাজ প্রশংসিত হয়েছে।
তিনি আরো বলেন, প্রবীণ হিতৈষী সংঘ দেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার আদায়, স্বার্থ সংরক্ষণ, সঙ্গতি স্থাপন ও কল্যাণ বিধানের লক্ষ্যে ১৯৬০ সাল হতে কাজ করে যাচ্ছে। ঢাকার আগারগাঁওয়ে এক বিশাল পরিসরে ৫০ শয্যাবিশিষ্ট প্রবীণ হাসপাতাল ও ৫০ শয্যাবিশিষ্ট প্রবীণ নিবাস চালু আছে। এই সংঘ বছরব্যাপী বার্ধক্য ও প্রবীণ বিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা, আলোচনা সভা, গবেষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে।
চাঁদপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়া, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক ও মো. গোলাম আজম।
জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান দুঃস্থ ব্যক্তিদের মধ্যে ৩ জনকে আর্থিক পুনঃর্বাসনে সহযোগিতা করেন। এরা হলেন- সুফিয়া বেগম, খলিলুর রহমান ও আ. ছাত্তার গাজী।
সমাবেশের আগে চাঁদপুর সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসনের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সমাজসেবা ও প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তাবৃন্দ।
০২ অক্টোবর, ২০১৯।
