চাঁদপুরে আবারও সম্মাননা পেলেন চিকিৎসক দম্পতি

করোনাকালীন সময়ে চিকিৎসা সেবায় অবদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সুপরিচিত মুখ চিকিৎসক দম্পতি ডা. সুজাউদ্দৌলা রুবেল ও ডা. সাজেদা পলিন আবারো সংবর্ধিত হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন।
মহামারী করোনাকালীন সময়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে অবদান রাখায়, এই দম্পতিকে এবারো সম্মাননা প্রদান করেছেন দৈনিক প্রভাতী কাগজ পরিবার। আর এই দুই চিকিৎসক হলেন- চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল এবং তার সহধর্মিণী চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন।
গত শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার প্রীতি সম্মিলন অনুষ্ঠানে কোভিড-১৯ অবদানের জন্য তাদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চিকিৎসক দম্পতি।
এতে প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌরসভার মেয়র অ্যাড. জিলুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুমসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে দেশের করোনাকালীন সময়ে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করার জন্য তারা দু’জনসহ আরো বেশ কয়েকজনকে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল ও তার সহধর্মিণী চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিন সরকারিভাবে তাদের কাজের স্বীকৃতি না পেলেও এর আগেও তারা চাঁদপুর প্রেসক্লাব, রোটারী ক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, মানবাধিকার সমিতি, ছায়াতরু সামাজিক সংগঠনসহ আরো বেশ কয়েকটি সংগঠন থেকে এই সম্মাননা পেয়েছেন।

০৬ ডিসেম্বর, ২০২১।