দীর্ঘদিন পর চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর চাঁদপুরে করোনা পজিটিভ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল বেপারী (৬৫) নামে এই ব্যক্তি মারা যান।
নিহত ব্যাক্তি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে তার বাড়ি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শনিবার (৪ ডিসেম্বর) রাত ১১টায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন কাজল বেপারী। পরে তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ সনাক্ত হয়।
ডা. রুবেল আরও জানান, আক্রান্ত রোগীর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা দ্রুত হ্রাস পেতে শুরু করে। এসময় তাতে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মারা যান রোগী। তবে আক্রান্ত রোগী করোনার নতুন ধরণ ওমিক্রন নিয়ে মারা গেছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, জেলার বিভিন্নস্থানে সব মিলিয়ে ৪০ জন করোনা রোগী হোম আইসোলেশন আছেন।
অন্যদিকে, করোনার শুরু থেকে এই পর্যন্ত জেলায় ১৫ হাজার ৫১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ২শ’ ৪০ জন।

০৬ ডিসেম্বর, ২০২১।