চাঁদপুরে আরো ২ করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ১২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত আরো ২জন রোগী সনাক্ত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে চাঁদপুরের সিভিল সার্জন অফিসে তাদের রিপোর্ট আসে। নতুন করে আক্রান্তরা হলেন চাঁদপুর সদরের কামরাঙ্গা এলাকায় করোনায় মারা যাওয়া ব্যক্তির শ্বশুর এবং ঢাকা ফেরত হাইমচরের নীলকমল ইউনিয়নের ১২ বছর বয়সী এক শিশু।
এ নিয়ে চাঁদপুর সিভিল সার্জন অফিসের হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২। এর মধ্য ১ জন মৃত ও ১ জন করোনামুক্ত হয়েছেন। বাকি ১০ জন বর্তমানে চিকিৎসাধীন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে মোট ২৫ জনের রিপোর্ট আসে। বাকি ২৩ জনের রিপোর্ট করোনা নেগেটিভ। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত নন।
সূত্র আরো জানায়, এখনো ২৫ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২শ’ ৬৩ জন, আইসোলেশনে আছেন ৪ জন।
এছাড়া মতলব উত্তরের ৩ জন করোনায় আক্রান্ত হিসেবে ঢাকা ও নারায়ণগঞ্জে সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ জন মারা গেছেন ও ২ জন চিকিৎসাধীন বলে জানা গেছে।

২০ এপ্রিল, ২০২০।