সাংবাদিকদের প্রণোদনা দিতে ডিসিদের প্রেস কাউন্সিলের চিঠি

স্টাফ রিপোর্টার
জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে বিশেষ প্রণোদনা দিতে দেশের সব জেলা প্রশাসকদের কাঠে চিঠি পাঠিয়েছে প্রেস কাউন্সিল। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম দেশের সব জেলা প্রশাসকদের কাছে ই-মেইলে এ চিঠি পাঠিয়েছেন। সোমবার তিনি এ তথ্য বিএমএসএফকে নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ক্ষতিগ্রস্ত। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকেরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার কাজ করছেন। তাদের সরকারের প্রণোদনার আওতায় আনা প্রয়োজনের কথা উল্লেখ করে জেলা-উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরী করে বিশেষ প্রণোদনা প্রদানের অনুরোধ জানান।
এ ব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক প্রতিক্রিয়ায় বলেন, দেশে চলমান এ দুর্যোগে সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিলের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে জেলা প্রশাসক কর্তৃক প্রণীত তালিকায় যেন সাংবাদিক নয় এমন কোন লোককে অন্তর্ভূক্ত করা না হয় সেদিকে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোকে বিশেষ নজর রাখতে হবে। তবে এ কাজে তথ্য অধিদপ্তরকে সম্পৃক্ত করলে বিশেষ সফলতা আসবে বলেও বিএমএসএফ মনে করে।
বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়, প্রেস কাউন্সিলের এই চিঠিতে সম্পাদকদের ব্যাপারে কিছু বলা হয়নি। করোনায় বিশেষ করে মিডিয়ার মালিকরাও বিশেষ ক্ষতিগ্রস্ত। এছাড়া চিঠিতে প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়াকেও আলাদা করা হয়নি। দেশের এই দুর্যোগকালে অনলাইন পত্রিকাগুলো ব্যাপক গুরুত্ব পালন করছেন। তাই এই প্রণোদনা প্রাপ্তির ক্ষেত্রে অনলাইন পত্রিকা গুলোর সাথে জড়িত সাংবাদিকদেরও যেন গুরুত্ব দেয়া হয়- সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানায় বিএমএসএফ।
করোনার এই দুর্যোগ কাটিয়ে উঠতে ইতোমধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুদান বরাদ্দের বিষয়টি এখনও ঝুঁলে আছে। আমরা আশা করবো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজ উদ্যোগে বিষয়টি ঘোষণা করবেন।

২০ এপ্রিল, ২০২০।