
ডেঙ্গু জ্বর সংশ্লিষ্ট টেস্টের মূল্য বেশি রাখায়
স্টাফ রিপোর্টার
ডেঙ্গু জ্বর সংশ্লিষ্ট টেস্টের মূল্য বেশি রাখায় চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ আল-খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারসহ ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরে শহরের ইলিশ চত্বর থেকে শুরু করে মিশন রোড পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল ও খাবারের দোকানে এ অভিযান চালানো হয়। ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪০ ধারায় খাবার দোকানের নোংরা পরিবেশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখায় ক্রেতাদের সাথে প্রতারণার সামিল বলে এ অভিযানে জরিমানা করা হয়।
স্টেডিয়াম রোডস্থ নিউ ডেল্টা ডায়াগনস্টিক সেন্টার, নাভানা প্রাইভেট হাসপাতাল, আল-খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার, পিয়ারলেস ডায়াগনিস্টক সেন্টার, মিশন রোড এলাকার নিউ চাঁদ কনফেকশনারী ও রোজ ভেলী খাবার হোটেলের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার স্বপ্না, আবিদা সিফাত, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত এ জরিমানার পাশাপাশি সব ব্যবসা প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ার করে দেন।
৩১ জুলাই, ২০১৯।
