চাঁদপুরে ইনসাফ ডায়গনস্টিক সেন্টারে চুরি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ইনসাফ ডায়গনস্টিক সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে এ চুরির ঘটনা সংঘঠিত হয় বলে ধারণা করা হচ্ছে। এ সময় চোরেরা ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় প্রতিষ্ঠানের পরিচালক মো. আলমগীর হোসেন একটি অভিযোগ পত্র দাখিল করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ তারিখ রাত ১০টায় প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে যাওয়া হয়। পরের দিন ৩০ তারিখ সকাল সাড়ে ৮টায় ডায়গনস্টিক সেন্টারের পরিচ্ছন্ন কর্মী স্মৃতি আক্তার ল্যাব খুলেন। পরবর্তিতে ডায়গনস্টিক সেন্টারের স্টাফ তাসলিমা আক্তার, রাজু, সাথী আক্তার ও এমরান হোসেন ল্যাবে আসেন। সকাল সাড়ে ১০টায় পরিচালক আলমগীর হোসেন ক্যাশ বাক্স খুলতে গেলে দেখেন ক্যাশের তালা ভাঙ্গা ও ক্যাশে থাকা ২ লাখ ৬৫ হাজার টাকা নেই।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৮টা হতে সকাল সাড়ে ১০টার মধ্যে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। পরিচ্ছন্ন কর্মী স্মৃতি আক্তার, স্টাফ তাসলিমা আক্তার, রাজু, সাথী আক্তার ও এমরান হোসেন টাকাগুলো চুরি করে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের আরেক পরিচালক হুমায়ুন আজাদ জানান, মাস শেষ স্টাফ দের বেতন ও অফিস ভাড়া দেয়ার জন্য টাকাগুলো দোকানে এনে রাখা হয়েছে। জানা-শোনা লোকেরাই এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ হচ্ছে।