চাঁদপুরে ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম-এমএএফ’র আয়োজনে তরুণদের রাজনীতি নিয়ে ভাবনা ও রাজনীতিবিদদের কাছে তরুণদের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ক্যাম্প। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ইউএসএইড ও ইউকেএইডের যৌথ অর্থায়নে পরিচালিত এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
এমএএফ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুনীর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান, এমএএফ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম রনিসহ অতিথিবৃন্দ।
এদিন মূলত ৮টি কোর্সের উপর বিস্তারিত আলোচনা করা হয়। কোর্সগুলো হলো- রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন, রাজনৈতিক দলের কার্যকর চর্চা, দ্বন্দ্ব ব্যবস্থাপনা ও নিরসন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, গনতন্ত্র ও নির্বাচন, রাজনৈতিক প্রচারাভিযান, প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি।
তরুণ নেতৃত্ব গঠন পলিটিক্যাল ননপলিটিক্যালসহ মোট ৮০ জন এই ক্যাম্পে নেয়। এই ক্যাম্পকে ঘিরে তরুণরা উৎসবে মেতে উঠে এবং কুইজ পর্বে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা বাংলাদেশে ‘গণতান্ত্রিক অংশগ্রহণ এবং সংস্কার-ডিপিআর’ নামে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করছে। তাদের উদ্দেশ্য হলো রাজনীতিতে তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্বের প্রতি তরুণদের আগ্রহী করে তোলা, তথ্যের সহজ প্রাপ্যতা ও ব্যবহারের উন্নয়ন এবং জবাবদিহিমূলক রাজনীতির জন্য রাজনৈতিক পরিবেশের উন্নয়ন।

০৮ ডিসেম্বর, ২০২২।