চাঁদপুরে ইলিশ রক্ষা অভিযানে ৩১১ জেলে আটক, ২৪৮ জন কারাগারে

 

স্টাফ রিপোর্টার
ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২৪৮ জন জেলেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও নিয়মিত মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। যদিও উল্লেখিত সময়ে মোট ৩১১ জন জেলেকে আটক করা হয়েছিল। বাকি ৬৩ জনকে বয়স বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে ছেড়ে দেয়। জেলা টাস্কফোর্স ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব জেলেকে আটক করা হয়।
অভয়াশ্রম এলাকার মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় মোট মামলা হয়েছে ৭৪টি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে উল্লেখিত তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ২২ দিনে জেলা ও উপজেলা টাস্কফোর্স ৬৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ২৮৫টি অভিযানে জব্দ হয় ৫ হাজার ১৯২ কেজি ইলিশ। একই সময় জব্দ করা হয় ৭ কোটি ৪ লাখ ৪৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য জাল।
এদিকে গত ২২ দিনে মা ইলিশ রক্ষায় জেলেদের নিয়ন্ত্রণ করতে গিয়ে নৌ-পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের একজন ইউপি সদস্যসহ জেলেদের বিরুদ্ধে মামলা করেছে নৌ-পুলিশ। এছাড়া টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তারাও জেলেদের আক্রমণের শিকার হয়েছেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত ছিল। তারপরও অসাধু জেলেরা ইলিশ শিকার করতে ২২ দিনে ৩১১জন আটক হয়েছে। এর মধ্যে ২৪৮ জনের কারাদণ্ড ও নিয়মিত মামলায় কারাগারে আছে। বাকিদের কম বয়স ও অপরাধ অনুযায়ী ২ লাখ ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১১ নভেম্বর, ২০২০।