হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনিসুর রহমান মজুমদারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের গঠিত তদন্ত কমিটি বিদ্যালয়ে উপস্থিত হয়ে দাখিলকৃত অভিযোগের তদন্ত করেন। এ সময় স্ব-শরীরে অভিযোগকারী ও অভিযুক্তসহ সাবেক ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছরের গত ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর চেয়ারম্যানের কাছে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তৎকালীন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মজুমদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন ম্যানেজিং কমিটির সদস্য আবু বকর ছিদ্দিক, অভিভাবক শ্যামল শীল ও জাকির হোসেন।
এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে তদন্ত করেন তদন্ত কমিটির সদস্য ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্ণিমল দেউড়ি ও পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী। তদন্তকালীন সময়ে অভিযোগকারীরা কোন ধরণের তথ্য প্রমাণ দিতে পারেনি বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে আনিসুর রহমান মজুমদার বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অভিযোগটি করা হয়েছিলো। আজ (মঙ্গলবার) যার প্রমাণ হয়েছে। কারণ অভিযোগকারীরা আমার বিরুদ্ধে করা উল্লেখিত ৬টি অভিযোগের একটিরও তথ্য প্রমাণ দিতে পারেনি।
তদন্ত কমিটির সদস্য ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্ণিমল দেউড়ি বলেন, তদন্তকালীন সময়ে উভয় পক্ষ স্ব-শরীরে উপস্থিত ছিলেন। আমরা (তদন্ত কমিটি) তাদের সাথে কথা বলেছি এবং তদন্তের স্বার্থে যা যা করণীয়, তা করেছি। এরপর একটি লিখিত প্রতিবেদন তৈরি করে শিক্ষাবোর্ডে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে কিছু বলা যাবে না। আগে তদন্ত প্রতিবেদন হোক, তারপর সবকিছু জানতে পারবেন।
এদিকে তদন্তকালীন সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস.এম মানিক, সাবেক সভাপতি আনিসুর রহমান মজুমদার, প্রধান শিক্ষক কবির হোসেন সরকার, ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি আকতার হোসেন মিকনসহ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান সদস্যরা এবং অভিযোগকারীরা উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর, ২০২০।
