চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা অবহিতকরণ সেমিনার

মা ইলিশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে
…..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

সজীব খান
চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অবহিতকরণ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, মা ইলিশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। জনপ্রতিনিধিসহ প্রশাসনের সবাই মিলে এ কাজ করতে হবে। আমরা জেলেদের অযথা শাস্তি দিতে চাই না, তাদের একটু সচেতন হতে হবে। জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে ইলিশ সম্পদ সম্পর্কে জানাতে হবে। অভয়াশ্রমের সময় প্রশাসনকে সঠিক তথ্য দিতে হবে, যাতে করে ম্যাজিস্ট্রেট গিয়ে সত্যতা পায়। মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলেরাই সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি জেলে পল্লীতে যেতে হবে, তাদের বুঝাতে হবে। জেলেদেরকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে জেলেরা অভয়াশ্রমের সময় বিভিন্ন কাজ করতে পারে। জেলারা যাতে আইনের প্রতি সম্মান থাকে, তাদের সে বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, জেলেদের যে চাল দেওয়া হয়, তা সঠিক সময়ে এবং সঠিক নিয়মে তাদের মাঝে বিতরণ করতে হবে। প্রতিজন জেলেকে যাতে নিদিষ্ট পরিমাণ চাল পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটা চাল ও তাদের কম দেওয়া যাবে না। সবাই মিলে সমন্বয় করে সঠিক তথ্য দিয়ে জেলে তালিকা করতে হবে, যারা যারা মারা গেছে, বিদেশ গেছে, পেশা পরিবর্তন করছে তাদের চিহ্নিত করে সঠিকভাবে তালিকা বের করতে হবে। এবারের অভিযান যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেদিকে আমাদের লক্ষ্যে রেখে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় বহিরাগত জেলেরা মাছ শিকার করতে আসলে, সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে। অভিযানের সময় স্ব-স্ব ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মৎস্য পল্লী, জেলে পল্লীতে বেশি বেশি প্রচার করতে হবে। মা ইলিশ রক্ষা করতে হবে, নতুবা আমরা ইলিশ পাবো না। ইলিশ আমাদের একটা জাতীয় সম্পদ, সমন্বয় করে ইলিশ রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর কোস্টগার্ডের স্টেশান কমান্ডার লেফ. মাসহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লীক, চাঁদপুর মৎস্যজীবী নেতা মালেক দেওয়ান, তসলিম বেপারী প্রমুখ।
ইলিশের উপর ছাড়া অবৃত্তি করেন কবি ও ছাড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া। ইলিশের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ গবেষণা ইনস্টিটিউটের সহকারী পরিচালক সামছুল আলম পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারীসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মৎস্য জীবি সমিতি নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও. মুফতি কেফায়েত উল্ল্যাহ ও গীত পাঠ করেন মৎস্য কর্মকর্তা সুদীপ্ত।

০৮ ডিসেম্বর, ২০২১।