জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার
আগামি ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের চাঁদপুরে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে আমরা বদ্ধপরিকর। এজন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করি। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী চলবে।
তিনি বলেন, চাঁদপুরের সিভিল সার্জনের আওতাধীন স্বাস্থ্য ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, আমরা অচিরেই সেগুলোর সমাধান করার চেষ্টা করবো। আমিও একজন সাংবাদিক বান্ধব। নবাগত সিভিল সার্জন হিসেবে আমার যদি কমিউনিকেশনের ক্ষেত্রে কোন ভুল থাকে তাহলে আপনারা সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে তা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত যেকোন তথ্য এবং যেকোনো সমস্যার বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করবো।
তিনি আরো বলেন, চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে কাজের মাধ্যমেই আমি আমার মানের প্রমাণ দিতে চাই। একই সাথে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি আমার কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে নিবো। এজন্য আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইছারুহুল্লাহ’র পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসান উল্ল্যাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশসহ সাংবাদিকবৃন্দ।
জেলার সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালার এক নজরে তথ্যাবলীঃ- চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩ লাখ ৬ হাজার ২শ’ ৩০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৫শ’ ৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২২৩৫টি কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ৫৬৩ জন স্বাস্থ্যকর্মী এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৮০ জন কর্মীসহ মোট ১০৪৩ জন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চালাবে।
ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। আগামী ১১ থেকে ৪ দিন ব্যাপী সারাদেশে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১০০০০০ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২০০০০০ আইইউ) খাওয়ানো হবে।

০৮ ডিসেম্বর, ২০২১।