চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। সোমবার (১২ জুন) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা সন্ত্রাসী ও গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। বর্তমান সময়ে মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। মানুষের অধিকার খর্ব হচ্ছে বিভিন্নভাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইন হাতে তুলে নেয়ায় বিশ্বাসী নয়। কাজেই শান্তিপূর্ণ এবং ভদ্রতাকে দুর্বলতা ভাববার সুযোগ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমিরসহ নেতাকর্মীরা যেসব ভাড়াটিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে তা সরকারের জন্য সুখকর হবে না।
তিনি বলেন, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলন গড়ে উঠলে সরকারের কিছু করার থাকবে না।
জেলা ইসলামী আন্দোলনের সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচএম নিজামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাও. নুরুল আমিন, সহ-সভাপতি মাও. গাজী মোহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি মাও. বেলাল হোসেন রাজি, প্রচারক ও দাওয়া বিষয়ক সম্পাদক মাও. হেলাল আহমাদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসেন, পৌর সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি মাও. আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. সেলিম হোসেন প্রমুখ।

১৩ জুন, ২০২৩।