হাজীগঞ্জে ৬ প্রতিষ্ঠান থেকে ৪২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায়

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে থেকে নগদ ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। উপজেলা প্রশাসনের পক্ষে সোমবার (১২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে তিনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ধারায় ২টি মামলায় নগদ ১৫ হাজার টাকা করে দুই জনকে মোট ৩০ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ধারায় ২টি মামলায় ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ’ টাকা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারায় ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক বলেন, কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজার, সড়ক নিরাপত্তা ও ভোক্তাদের সুরক্ষা দিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

১৩ জুন, ২০২৩।