সরকার নারীদের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে
……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শাহ আলম খান
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে। যার কারণে নারীরা এখন স্বাধীনভাবে সব পেশায় কাজ করতে পারছে। নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং এর গতি আরও বাড়াতে হলে বাঁধাগুলো দূর করতে হবে।
গত ৭ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ দিন ব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার ব্যাংকগুলোর কাছে সুনির্দিষ্ট করে নারী উদ্যোক্তাদের জন্য টাকা দিয়েছে। কিন্তু এই টাকা নেবার সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক নারী উদ্যোক্তা পান না। ব্যাংক থেকে ঋন সুবিধা পাওয়া উদ্যোক্তা নারীদের অধিকার। নারীদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরের উন্নয়ন মানে নারী-পুরুষের উন্নয়ন। সংবিধানেই নারী-পুরুষের সম অধিকার করে দিয়েছে। বর্তমান সরকার নারীদের জন্য কাজ করলেও এক সময় নারীরা অনেক পিছিয়ে ছিলো। তাদের স্বাধীনতা থাকার কারণে খুব সহজে ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারে। যার ফলে অনেক ক্ষেত্রে পুরুষদের দৈনন্দিন দায়িত্ব কমেছে। নারীদের ঘরে আটকে রেখে সমাজ এগিয়ে যেতে পারে না।
দীপু মনি বলেন, নারী ও পুরুষের দৃষ্টি ভিন্ন ভিন্ন। শুধুমাত্র পুরুষদের সিদ্ধান্ত দিয়ে এগিয়ে যাওয়া যায় না। চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিমের সভাপতিত্বে ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ’র চেয়ারম্যান ও দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারের পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, অপ্সরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক মুনিরা আক্তার এবং প্রধান সমন্বয়ক ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং অপ্সরা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তাদের তৈরী পোশাক, জামদানী শাড়ি, নকশী কাঁথা, প্রসাধন, হস্তশিল্প সামগ্রী, মৎস্য ও কৃষি শিল্পসহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর বিপুল সহামার থাকবে। উদ্যমী নারীরা এসব পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।
এছাড়া থাকবে ৮ দিনব্যাপী মেলায় একদিন থাকবে সেমিনার। এতে দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
