উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে
……………..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ বলেছেন, বিশ্ব এখন বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী বলেছিলেন এদেশের কেউ গৃহহীন থাকবে না, তা তিনি বাস্তবায়ন করছেন। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নানা উন্নয়ন এখন
দৃশ্যমান। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে সবাইকে কাজ করতে হবে।
রোববার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উপলক্ষে দু’দিনব্যাপী উদযাপন মেলার সেমিনার, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে যুবকরা কাজ করতে আগ্রহী। তাদের কাজের প্রতি আগ্রহের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এদেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে সুশৃঙ্খল থাকতে হবে। যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা অনুসারে সত্যিই এ দেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
জেলা প্রশাসক মেলার স্টলে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উন্নয়নের চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দাউদ হোসেন চৌধুরী ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে আয়োজিত মেলার স্টলগুলোর মধ্য থেকে ৫টি স্টলকে পুরস্কৃত করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে দুরারোগ্য ৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
সমাপনী দিনে সকাল থেকেই চিত্রাঙ্কন, উপস্থিত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
২৯ মার্চ, ২০২১।
