চাঁদপুরে ২ টন জাটকা জব্দসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট থেকে দুই টন (২০০০ কেজি) জাটকা জব্দ ও ৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড টহল সদস্যরা। আটক ৩ পাচারকারীকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিশকাতুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্ত পাচারকারীরা হলেন- দুলাল মাঝি (৪৫), মতিন হোসেন (৩৯) ও জাহিদুল ইসলাম (২২)।
এর আগে ভোরে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে হরিণা ফেরিঘাট এলাকা অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি পিকআপ ভ্যানে থাকা ড্রামে সংরক্ষিত ২ হাজার কেজি জাটকা ও ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পাচারকারী ৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
০১ এপ্রিল, ২০২১।