চাঁদপুরে উপ-নির্বাচনে ৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সোনার বাংলা বিনির্মাণে আপনারাই ভূমিকা রাখবেন
………..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ, সুলতানাবাদ ইউনিয়ন, কচুয়া উপজেলার সাচার, গোহাট উত্তর ও শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
চাঁদপুরে উপ-নির্বাচনে বিজয়ী ৫ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- কচুয়া উপজেলার সাচার ইউপির মো. মনির হোসেন, শাহরাস্তি উপজেলার গোহট উত্তর ইউপির চেয়ারম্যান কবির হোসেন, মেহের দক্ষিণ ইউপির চেয়ারম্যান রুহুল আমিন, জহিরাবাদ ইউপির সেলিম মিয়া এবং সুলতানাবাদ ইউপির হাবিবা সুলতানা সিফাত।
শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
শপথবাক্য পাঠ শেষে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিবার্চনের ১ মাসের মধ্যে গেজেট বের হয়ে আজ শপথগ্রহণ করলেন চেয়ারম্যানরা। আপনি আজ থেকে একজন স্থানীয় সরকার প্রতিনিধি। মানুষকে ভালবাসার মন্ত্র জানতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। সোনার বাংলা বিনির্মাণে আপনারা ভূমিকা রাখবেন এই আশা করছি। প্রতিটি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ ও নারী-শিশু নির্যাতন বন্ধে চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, আপনার চিন্তা করেন কিভাবে এখানে এসেছেন? এই চেয়ারে আসার কি আপনার কথা ছিল। আপনার কাছে মানুষের চাওয়া পাওয়া অনেক। আপনারা এখন নতুন নেতৃত্বে জায়গায় এসেছেন। সরকারের প্রতিনিধিত্ব করবেন। আপনাদের সফলতা কামনা করছি। ইউনিয়নের যে কোনো উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শ নিতে হবে।
এসময় উপস্থিতি ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান মানিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতসহ স্ব-স্ব ইউনিয়নে নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন, গোহট উত্তর ইউনিয়ন, শাহরাস্তির উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন ও সুলতানাবাদ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০ নভেম্বর, ২০২০।