চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

দুর্যোগ, দুর্ঘটনায় সবার আগে ফায়ার সার্ভিস
………মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

শাহ্ আলম খান
‘দুর্ঘটনা-দুর্যোগে সবার আগে সবার পাশে’ এই স্লোগান এবং ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’ এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের মিশন রোড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তর স্টেশন কার্যালয়ের চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির পায়রা উড়ানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও উপ-পরিচালক মো. ফরিদ আহম্মেদ। প্যারেড কমান্ডার ছিলেন সিনিয়র স্টেশন অফিসার মো. লিটন আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং ফায়ারম্যান মো. কামরুল হাসানের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে দিদারুল আলম, আনসার ও ভিডিবি’র জেলা কমান্ডার শাহ নেওয়াজ, জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সর্বপ্রথম গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। দুর্জয় সাহস, অমিত মনোবল আর দৃড় প্রত্যয়ে এই বিভাগের অকৃতোভয় বীর কর্মীরা প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় নিবেদিত প্রান। অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার মতো যে কোনো দুর্যোগে আটকে পড়া লোকদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুত্বপূর্ণ রোগীদের হাসপাতালে পৌঁছানোর মহান দায়িত্ব পালনের জনগণের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান প্রযুক্তির বিকাশ সাধনে বর্তমানে আমরা যেমন উন্নয়নের শিখরে পৌঁছে গেছি অপরদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট কারণে সৃষ্টি হচ্ছে ভূমিকম্প, সুনামির মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আমরা জানি এখন পর্যন্ত এই দুর্যোগের পূর্বাভাস দেওয়ার কোন যন্ত্র আবিষ্কার হয়নি। এ কারণে ভূমিকম্প মোকাবেলায় বা এ ধরনের দুর্যোগ ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত রাখার জন্য পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, দুর্যোগ, দুর্ঘটনায় সবার আগে ফায়ার সার্ভিস। ভূমিকম্প দুর্যোগ মোকাবেলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সারা দেশে ৬২ হাজার কমিউনিটি ভলেন্টিয়ার তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ৪৪ হাজার কমিউনিটি ভলেন্টিয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই আলোকে চাঁদপুর জেলার প্রত্যেকটি ওয়ার্ড এ ২০০ জন কমিউনিটি ভলান্টিয়ার প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। চাঁদপুর শহরের স্কুল, কলেজ, মাদ্রাসা, শিল্প-কলকারখানা কর্মচারীদের স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অগ্নিকাণ্ডসহ সব দুর্ঘটনার সময় চাঁদপুর জেলার আওতাধীন এলাকায় স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসবে এবং উক্ত কাজে সহযোগিতা করবে। আমাদের এই চাঁদপুর শহরে বেশসংখ্যক বহুতল ভবন রয়েছে। নিয়ম নীতি না মেনে গড়ে ওঠা এই ভবনগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। বাড়ির মালিকদের কাছে অনুরোধ ফায়ার সেপটি প্লান মেনে ভবন করতে হবে। ফায়ার সেফটি প্লান হলো ভবন বা প্রতিষ্ঠানের অগ্নি দুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগে নিরাপদ থাকার পূর্ব পরিকল্পনা।
আলোচনা সভার শেষে করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্ব, সেবা কার্যক্রম, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা, দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করে মহড়া দেয়া হয়। পরে কার্যালয় থেকে এক যান্ত্রিক বহর বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে।
উল্লেখ্য, চাঁদপুর জেলার সব উপজেলাসহ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ডের হিসাব উল্লেখ করা হলো। অগ্নিকাণ্ড সংখ্যা ২৬৮টি ক্ষতির পরিমাণ ১ কোটি ৩৫ লাখ ৩ হাজার টাকা। উদ্ধারের পরিমাণ ৮ কোটি ৮০ লাখ ৭৩ হাজার টাকা। দুর্ঘটনার সংখ্যা ২১টি। পুরুষ আহত ১২ জন ও নারী আহত ২৪ জন। অপরদিকে পুরুষ নিহত ৫ জন ও নারী নিহত ১ জন। ডুবুরি কলের সংখ্যা ৩১টি।
২০ নভেম্বর, ২০২০।