উন্নয়ন অব্যাহত রাখতে বেশি বেশি শিল্প প্রতিষ্ঠান গড়তে হবে
…………… মো. মাজেদুর রহমান খান

সজীব খান
চাঁদপুরে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর ইলিশ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আউটার স্টেডিয়ামে ফিতা কেটে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান।
এ সময় তিনি বলেন, চাঁদপুরের উন্নয়ন অব্যাহত রাখতে হলে বেশি বেশি করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প গড়ার জন্য সবাইকে উৎসাহী করতে হবে। চাঁদপুরের একটি সুনাম রয়েছে, এ সুনাম বৃদ্ধির জন্য শিক্ষিত যুবকদের ছোট ছোট শিল্প কারখানা গড়ে তুলার জন্য উৎসাহ দিতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে বেশি বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে মুজিববর্ষের উপহার হিসেবে আমাদের জাতিকে উপহার দিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাইকে সহযোগিতা করতে হবে। শিক্ষিত হয়ে বেকার ঘরে বসে না থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মানসিকতা সবার করতে হবে। একশ’ বছর আগে বাংলার বুকে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুনিয়াতে এসেছে। বাংলাকে গর্বিত করেছেন। আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে। সবাইকে জন্ম শতবার্ষিকী উদযাপন করার জন্য এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সাংবাদিক ও নাট্যকার এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী, চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি রোটা. জাহাঙ্গীর আখন্দ সেলিম, পরিচালক রোটা. তমাল কুমার ঘোষ, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা আশ্রাফুল আমিন প্রমুখ।
এ সময় এনডিসি মো. মেহেদী হাসান মানিক, জেলা মাকের্টিং অফিসার এন এম রেজাউল ইসলাম, চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোশারফ হোসেন ও গীতাপাঠ করেন অজিত সরকার।
