
কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরসহ আরো দুই দফা দাবি জানিয়ে ক্লাস বর্জন করেছে। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা একযোগে মাঠে নেমে শিক্ষা সফর, বৃহস্পতিবারে অর্ধদিবস ও প্রতিদিন নামাজ ও টিফিনের বিরতি ৪৫ মিনিট করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেন। এতে শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানায়।
শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম মজুমদার একক সিদ্ধান্তে প্রত্যেক বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাশ, নামাজ ও টিফিনের বিরতি ৩০ মিনিট নির্ধারণ করেছেন। তাছাড়া আমাদের শিক্ষা সফরের নিয়ে যাবার কথা বলে জনপ্রতি ১ হাজার টাকা চাঁদা তুলে শিক্ষা সফরে না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন।
প্রায় ঘণ্টাব্যাপী আন্দোলনের পর দুপুর আড়াইটায় প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, শিক্ষকবৃন্দ ও স্টুডেন্ট কেবিনেটের প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে আগামি ৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার কথা বললে শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সাইদুর রহমান জানান, সহপাঠ্য কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা সফরে যেতে দেয়া উচিৎ।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম মজুমদার বলেন, ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ের কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির পরবর্তী সভায় রেজুলেশন করা হবে। সময় সুযোগ করে শিক্ষার্থীদের শিক্ষা সফরে নেয়া হবে।
