চাঁদপুরে এসএসসি কেন্দ্র পরিদর্শন ও শিক্ষার্থীদের টিকা প্রদানের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

অতিদ্রুত ২২ লাখ পরীক্ষার্থীকে টিকা দেওয়ার চেষ্টা করছি………ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ১০টায় তিনি এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৯ মাস পরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেরিতে পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সমন্বয়ের কাজ করছে সরকার। ভয়াবহ মহামারির ধকল কাটিয়ে এখন যে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেজন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টা এবং দেশবাসীর আন্তরিকতা ছিল। সবার সহযোগিতা ছিল বলেই এখন শান্তিপূর্ণ পরিবেশে তা সম্ভব হয়েছে। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাই, আমরা পরীক্ষাটি নিতে পেরেছি। শিক্ষার্থীদের যা ক্ষতি হয়েছে, পরবর্তীতে তা আমরা সমন্বয় করব। আশা করি কারো অসুবিধা হবে না।
শিক্ষামন্ত্রী করোনা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, বিশ্বে একটি অতিমারি চলছে। সেই অতিমারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে। তার মধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি, সেজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, করোনা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাইকে ধন্যবাদ জানাই, তারা যেভাবে এই করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে সেজন্য।
তিনি আরও বলেন, এ বছর পরীক্ষা দিতে যত দেরি হয়েছে তা পরবর্তী সময়ে আমরা সমন্বয় করবো। কারও অসুবিধা হবে না, ইনশাআল্লাহ। তবে আগামি বছরের পরীক্ষাগুলো একেবারে যথাসময়ে নেওয়ার কোনও সুযোগ নেই। কিন্তু এ বছরের মতো এত দেরি হবে না, ইনশাআল্লাহ।
শিক্ষামন্ত্রী বলেন, আগামি বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না হলেও, এ বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। আমরা চেষ্টা করছি, সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার। পরিস্থিতি স্বাভাবিক হলে, সবকিছু আগের মতো হবে।
এরপর বেলা ১১টায় চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং ১২-১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রস্তুতি প্রায় শেষের দিকে। ২২ লাখ শিক্ষার্থীদের টিকা দেওয়ার সুযোগ ছিল না। এখনো দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেওয়ার পরিস্থিতি নেই। তারপরও আমরা অতিদ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম কাওসার হিমেল, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মঈনুল হাসান, আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমাযুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর মো. সোহেল রানাসহ আরো অনেকে।
এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা হলরুমে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের ১১ বৎসর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ১১টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অসুস্থ নবজাতক শিশুদের বিশেষ সেবায় স্থাপিত ঝঈঅঘট ওয়ার্ডের উদ্বোধন করেন। বেলা পৌনে ১২টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক ২টি জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিন হস্তান্তর করেন। বেলা ১২টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন।

১৭ নভেম্বর, ২০২১।