চাঁদপুরে কনস্টেবল নিয়োগের বাছাই পর্ব শুরু

এস এম সোহেল
‘চাকুরি নয়, সেবা’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার মিলন মাহমুদের সার্বিক তত্বাবধায়নে এ বছর চাঁদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের বাছাই পর্ব শুরু হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে পুরুষ ও নারী রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
এবছর সাধারণ কোটা, মুক্তি কোটা, পোষ্য কোটা, এতিম কোটা, আনসার কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী (পুরুষ ও নারী) কোটায় ৩ হাজার ২৬ জন আবেদন করেছেন। আবেদনকারী পুরুষ ২ হাজার ৭শ’ ৬৫ জন ও নারী ২৬১ জন। এর মধ্যে পুরুষ ৭৯ জন ও নারী পদে ১৪ জনসহ মোট ৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম ধাপের বাছাই পর্ব উদ্বোধনকালে পুলিশ সুপার মিলন মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম পর্ব শুরু হয়েছে। সবাই অনলাইনে আবেদন করেছে। আজ আমরা কাগজপত্র যাচাই-বাচাই করছি। কাল থেকে মাঠের পরীক্ষা শুরু হবে। ১৫ তারিখ লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার খাতা পুলিশ হেডকোয়াটার দেখবে। সেখান থেকে যখন ফেরত আসবে, তারপর তাদের ভাইবা শুরু হবে।
তিনি সবাইকে অনুরোধ করে বলেন, কোন প্রকার টাকা পয়সার লেনদেন ও তদবির করলে তারা অযোগ্য বলে গণ্য হবে। এটার কোন দরকার নেই। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ৯৩ জনকে নিয়োগ দিবো। এর মধ্যে ১৪ জন নারী ও বাকিরা পুরুষ। আমি অনুরোধ করবো কেউ যেনো প্রতারকের ফাঁদে না পারে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) পলাশ কান্তি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ পুলিশের সিনিয়র কর্মকর্তারা।

০৬ ফেব্রুয়ারি, ২০২৩।