চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

দেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করতে স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে……..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর থেকেই কমিউনিটি পুলিশিংয়ের উৎপত্তি হয়েছিলো, যার জন্যে আমরা গর্ববোধ করি। কমিউনিটি পুলিশিংয়ের অনেক কাজ রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন- এগুলো যেমন রোধ করা, তেমনি সমাজের কোন ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, কোন ধরনের সমস্যা- সেগুলোও সমাধান করা। অর্থাৎ সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে একটা উন্নত, সমৃদ্ধ ও সুখী সমাজ তৈরী করতে কমিউনিটি পুলিশিংয়ের বিরাট ভূমিকা রয়েছে।
তিনি বলেন, চাঁদপুর শহরকে সিসি টিভি ক্যামেরায় আওতায় আনা হবে। উন্নত ক্যামেরা আনা হবে। কমিউনিটি পুলিশং টহল বাহিনীর জন্যে পোশাক ও সাইকেলসহ অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা করা হবে। আমাদের দেশের সাইকেল বিদেশে রপ্তানি হয়। ইউরোপে প্রতি ৩টি সাইকেলের একটি বাংলাদেশের। তাই সাইকেলের ব্যবস্থা করাটা সহজ হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বিনষ্ট করতে স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। তা পুলিশ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আমাদের দলের সব নেতা-কর্মীও মাঠে ছিলো। এটিই হলো সমাজের অন্তর্নিহিত কাজ। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, কমিউনিটির অর্থই আমরা সমাজ, সম্প্রদায় নানাভাবে বলতে পারি। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের পক্ষে একেবারে সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় সার্বক্ষণিকভাবে নজর রাখা এবং কোন ঘটনা ঘটার আগে বা পরে সঙ্গে-সঙ্গে সেখানে কাজ অনেক সময় সম্ভব নয়। সেখানে কমিউনিটি পুলিশ বিশাল ভূমিকা রাখতে পারে। আমরা কিছুদিন আগে দেখলাম সাম্প্রদায়িক হামলায় দুষ্কৃতকারীরা পুলিশ পৌঁছার আগেই পূজামন্ডপগুলো লন্ড-ভন্ড করে দিয়েছে। আমাদের চাঁদপুরে পুলিশের প্রশাসনের যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পুলিশ প্রশাসন সবাই খুব দ্রুততার সাথে ব্যবস্থা নিয়েছেন। আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুরো এলাকাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এইকাজে নিয়োজিত করেছি। সারারাত তারা পূজামন্ডপগুলো পাহারা দিয়েছেন, মানুষের পাশে থেকেছেন এবং মানুষের আস্থা বিশ্বাস যেন কোনভাবেই নষ্ট না হয়- সেজন্যে কাজ করেছেন। এটাই হচ্ছে সমাজের একটি অন্তর্নিহিত শক্তি। এই শক্তি আমাদের কাজে লাগাতে হবে। পুলিশিং কাজের সাথে সমাজকে সম্পৃক্ত করে যে কাজ সেটাই কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিংয়ের একটি বড় কাজ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের বিরাট ভূমিকা পালন করতে পারেন।
ডা. দীপু মনি আরো বলেন, পুরো চাঁদপুরকে সিসি টিভির আওতায় আনার জন্যে যা যা করণীয় আমরা তা করছি এবং করবো। সিসি টিভির আওতায় চাঁদপুর এসে যাবে। আমার পক্ষে কমিউনিটি পুলিশিংয়ের জন্যে যতটুকু লজিস্টিক সাপোর্ট দরকার ততটুকু করবো।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সভাপতিত্বে এবং জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-সভাপতি রোটারিয়ান ডা. পিযুষ কান্তি বড়ুয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটারিয়ান ডা. এসএম সহিদ উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উপদেষ্টা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রোটারিয়ান ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, পৌর কমিটির সভাপতি রোটারিয়ান শেখ মনির উদ্দিন বাবুল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সূফি খায়রুল ইসলাম খোকন।
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খায়েরুল আলম খোকন ও পুলিশ সুপার কার্যালয়ের সাব-ইন্সপেক্টর বকুল বড়ুয়াকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রোটারিয়ান বিনয় ভূষণ মজুমদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। পরে শিক্ষামন্ত্রী কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সদর ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সুফিয়ান। গীতা পাঠ করেন বিমল চৌধুরী, ত্রিপিটক থেকে পাঠ করেন পুলিশের সাব-ইন্সপেক্টর বকুল বড়ুয়া এবং বাইবেল থেকে পাঠ করেন প্রীতম বেপারী।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং বিভিন্ন অঞ্চল প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

৩১ অক্টোবর, ২০২১।