স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৩ জনে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ও বিকেল সাড়ে ৩টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ২ জনই করোনায় আক্রান্ত ছিলেন।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার ফিরোজা বেগম (৭৫) গত ১৯ এপ্রিল সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। একই দিন বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকার আরশাদ বেপারী (৭৮) করোনায় আক্রান্ত অবস্থায় সদর হাসপাতালে মারা যান। তিনি শুক্রবার বিকেলে সদর হাসপাতালে ভর্তি হন।
এদিকে চাঁদপুরে শুক্রবার আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯জন, শাহরাস্তির ১জন, হাজীগঞ্জের ৩জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ২জন ও শরীয়তপুর সদরের ১জন।
একই দিনে ৪৬জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৬জন, হাইমচরের ২জন, কচুয়ার ১জন, ফরিদগঞ্জের ৩জন, হাজীগঞ্জের ৪জন, মতলব উত্তরের ৭জন ও মতলব দক্ষিণের ৩জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০২৩জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১শ’ ১৩ জন। সুস্থ হয়েছেন ৩,৩১৬জন।
২৫ এপ্রিল, ২০২১।
