এস এম সোহেল
চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ’ ১৯ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ৭১ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ৭৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩০টি পজেটিভ, বাকি ৪৮টি নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ৩জন, শাহরাস্তিতে ২জন, মতলব উত্তরে ১জন, ফরিদগঞ্জে ১জন এবং কচুয়ায় ১জন।
জেলায় ১,৫১৯ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৫শ’ ৭৪জন, ফরিদগঞ্জে ১শ’ ৭৫জন, মতলব দক্ষিণে ১শ’ ৬৯জন, শাহরাস্তিতে ১শ’ ৫৭জন, হাজীগঞ্জে ১শ’ ৫১জন, হাইমচরে ১শ’ ১৪জন, মতলব উত্তরে ১শ’ ১০জন এবং কচুয়ায় ৬৯জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭১জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬ জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম জানান, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অমান্য, সামাজিক দূরত্ব নিশ্চিত না করা এবং করোনায় আক্রান্ত রোগীরা বাইরে ঘোরাঘুরির কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সবাইকে গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এগিয়ে আসতে হবে। একটি নিরাপদ চাঁদপুর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এখন পর্যন্ত মোট ৬ হাজার ১শ’ ৩০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৫ হাজার ৯শ’ ২টি। এর মধ্যে ১ হাজার ৫শ’ ১৯টি পজেটিভ এবং ৪ হাজার ৪শ’ ২টি নেগেটিভ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭১ জন। রিপোর্ট অপেক্ষমান ২২৮টি।
তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় আক্রান্ত ১,৫১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮শ’ ৮৭জন। চিকিৎসাধীন আছেন ৫শ’ ৬১জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫শ’ ৩০জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫শ’ ১২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৮ জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯ হাজার ৩শ’ ৩৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮শ’ ২৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৫শ’ ১৪জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
২২ জুলাই, ২০২০।
