স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন মারা গেছেন। হাইমচর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম (৫৫), কচুয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং হাজীগঞ্জের হাজি নুনু মিয়া (৬৫) মঙ্গলবার মারা যান। তবে করোনায় আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে উঠেছেন এমন তথ্যও পাওয়া গেছে।
হাইমচর উপজেলার আলগীবাজারে ওষুধের দোকান ছিল ডা. নজরুল ইসলামের। কয়েকদিন আগে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি। নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃতের দাফন সম্পন্ন করা হয়েছে।
এছাড়া তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কচুয়ার উজানী গ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) মারা যান। গত কয়েকদিন ধরে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি অসুস্থ ছিলেন। এমন তথ্য জানান, মৃতের ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস জানান, মৃতের বাড়ি লকডাইন করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলার লাল মিয়া দরবার শরীফের খাদেম হাজি নুনু মিয়া (৬৫) করোনার উপসর্গ নিয়ে বিকেলে মারা যান। তাদের দু’জনকেও স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, চাঁদপুর জেলায় নতুন করে আরো ১৫ জনের করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৯ জন। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৩৯ জন এবং এর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬২ জন।
অপরদিকে, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, মঙ্গলবার এক দিনেই ৩০ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে জেলায় এখন ১শ’ ৩৫ জন সুস্থ জীবন-যাপন করছেন।
১৬ জুন, ২০২০।
