স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০)। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ৯টায় মারা যান।
রাত সাড়ে ১১টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০)। রাত সাড়ে ১২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অপরদিকে পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) রাতে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনিও মৃত্যুবরণ করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, সকালে মৃত ৩ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন তাদের দাফন ও দাহ সম্পন্ন করবে।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় বুধবার পর্যন্ত ৫শ’ ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৪৩ জন, সুস্থ হয়েছেন ১শ’ ৪২ জন।
১৮ জুন, ২০২০।
