চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রোববার রহিমা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
গতকাল সোমবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ গণমাধ্যমকে জানান, দুপুর পর্যন্ত ঢাকা থেকে কোন রিপোর্ট আসেনি। রিপোর্ট অপেক্ষমান আছে ১৫৮ জনের। পরীক্ষার জন্য নতুন ৭১টি নমুনাসহ এ পর্যন্ত চাঁদপুর থেকে ৮৫৪ জনের নমুনা পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত ঢাকা থেকে ৬৯৬ জনের রিপোর্ট পেয়েছেন। এর মধ্যে পজেটিভ ৪৫ জন (১ জনের দুই বার নমুনা পজেটিভ)। নেগেটিভ রিপোর্ট ৬৫১জন। এ পর্যন্ত রোগীর সংখ্যা অর্থাৎ করোনা শনাক্ত ৪৮ (৩ জন ঢাকা ফেরত, ১ জন লক্ষ্মীপুর ফেরত)। সুস্থ হয়েছে ১২ জন। মৃত্যুবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন জানান, সোমবার পর্যন্ত আইসোলেশন ইউনিটে রোগীর সংখ্যা ৫২ জন। আইসোলেশন হতে ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। বর্তমানে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ১৩ জন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৪৪ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৪৩৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৬ জন।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে গত ১ মাসের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

১২ মে, ২০২০।