হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত রহিমা বেগমের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। রোববার দিবাগত রাতে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা করোনা আক্রান্ত ও করোনা সন্দেহে নিহতদের দাফন কমিটির সদস্যরা।
এর আগে রোববার রাতে মতলব আইসিডিডিআর,বি থেকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে রহিমা বেগম মারা যান। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ১০নং ওয়ার্ড রান্ধুনিমুড়ার সাতবাড়ি এলাকার বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এর আগে রোববার দুপুরে রহিমা বেগমকে মতলব কলেরা হাসপাতালে ভর্তি করান তাঁর স্বজনরা। সেখানকার চিকিৎসক জানান, রহিমা বেগমের স্বজনেরা তথ্য গোপন করে হাসপাতালে নিয়ে আসে। তিনি করোনা উপসর্গে (শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বর) ভুগছিলেন। পরে রহিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেকে চাঁদপুর সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে নিহতের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) মো. আফজাল হোসেন। এ সময় করোনা সংক্রমন প্রতিরোধে এলাকাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এদিন রাতেই নিহত রহিমা বেগমের দাফন সম্পন্ন করে ইসলামী ফাউন্ডেশনের উপজেলা করোনা আক্রান্ত ও করোনা সন্দেহে নিহতদের দাফন কমিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ইসলামী ফাউন্ডশনের কর্মকর্তা হাসান মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর তালুকদার আল মামুন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সি মোহাম্মদ মনিরসহ স্থানীয় সংবাদকর্মীরা।
১২ মে, ২০২০।
