স্টাফ রিপোর্টার
চাঁদপুর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উচ্চ ঝুঁকির জেলার মধ্যে অন্যতম চাঁদপুর। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৪০জন মৃত্যুবরণ করেছেন। গড়ে প্রতিদিন প্রায় ১শ’ জন আক্রান্ত হচ্ছেন। চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালের আইসোলেশন ইউনিটে রোগীদের চাপ বেশি হওয়ার কারণে এবং আরো রোগী বাড়ার সম্ভাবনা থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা ও রোগী ভর্তি শুরু হয়েছে। জেলা সরকারি জেনারেল হাসপাতাল ছাড়া বাকি ৭ উপজেলায় করোনা চিকিৎসার সব প্রস্তুতি নিয়েছেন চাঁদপুর স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, জেলায় করোনা আক্রান্ত রোগী প্রতিদিনই বাড়ছে। নমুনা পরীক্ষার প্রায় অর্ধেক করোনা সনাক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের সদর হসপিটালের একটিমাত্র আইসোলেশন ইউনিট এত সংখ্যক রোগী চিকিৎসা দেয়া সম্ভব না।
তাই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা শুরু করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা পর্যায়ে অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি মিটিং হয়েছে। তাদের বলা হয়েছে করোনা চিকিৎসার জন্য প্রস্তুতি নিতে। পাশাপাশি করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা বৃদ্ধি করার জন্য। তবে এসব চিকিৎসা সেবায় যারা নিয়োজিত থাকবেন তাদের ১০ দিন পর কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ বিষয়গুলো অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর দেখবে আশা রাখি।
এদিকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের কোভিড আপডেট দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা পর্যন্ত (আরটি-পিসিআর ও রেপিড অ্যান্টিজেন টেস্টসহ) ১৮৮ জনের নুমনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ ৬৫ জন এবং নেগেটিভ ১২৩ জন।
এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রিপোর্ট ৬,৮৫৯টি, নেগেটিভ রিপোর্ট ২৮৮৪২টি। রোগীর সংখ্যা ৬,৮৭৮জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৩,২১৩জন, হাইমচর ৩০৫জন, মতলব উত্তর ৩৫০জন, মতলব দক্ষিণ ৬০৯জন, ফরিদগঞ্জ ৭৪৮জন, হাজীগঞ্জ ৬৯৭জন, কচুয়া ২৪০জন ও শাহরাস্তি উপজেলায় ৭১৬জন।
১৮ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে করোনা চিকিৎসা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
