চাঁদপুরে কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

অশ্রুশিক্ত ও মলিন মুখ দেখলে ভালো লাগে না
………জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

শাহ্ আলম খান
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে চাঁদপুরে বিধি-নিষেধ বা লকডাউন চলছে। এক সপ্তাহের লকডাউনের কারণে চাঁদপুরে কর্মহীন হয়ে পড়েছে বেদে, সিএনজি চালক ও অটোরিকশার চালক। জেলা প্রশাসনের উদ্যেগে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এদেশের একটি মানুষ না খেয়ে থাকবে না। এটি আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আমাদের চাঁদপুরের বিধি-নিষেধ (লকডাউন) চলছে। এ কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা অনেক কষ্টে আছেন। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিজনকে পাঁচ কেজি করে চাল দিয়েছি।
তিনি তার বক্তব্যে আরো বলেন, কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে আজ সাড়ে ৫শ’ জনকে ত্রাণ দেয়া হয়েছে। প্রতিদিনই কর্মহীন মানুষদের ত্রাণ দেয়া অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে এই পেশা ছাড়াও অন্য পেশার কর্মহীনদের ত্রাণ দেয়া হবে। কারণ আমরা চাই একটি মানুষও যেন না খেয়ে থাকে।
জেলা প্রশাসক বলেন, আমরা সুখে ও দুঃখে আপনাদের পাশে থাকবো। সবাই মিলে আমরা ভালো থাকতে চাই। সবার যখন হাসি মুখে থাকে, তখন দেখতেও ভালো লাগে। কারো অশ্রুশিক্ত ও মলিন মুখ দেখলে ভালো লাগে না। আমরা চাই আপনাদের সবার ঘরে হাসি থাকুক। করোনাকালীন সময়ে আমরা একে অপরের পাশে থাকবো এবং কাউকে আমরা কষ্ট পেতে দিবো না ইনশাআল্লাহ।
এছাড়া অসহায় মানুষদের স্বার্থে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি হটলাইন নম্বর স্থাপন করা কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পেয়েছেন একশ’ জন বেদে, দুইশ’ অটোরিকশা চালক ও দুইশ’ সিএনজি চালকের পরিবার এবং পঞ্চাশ জন হতদরিদ্র পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, এআরএম জাহিদ হাসান, চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (টিআই) মো. জহিরুল ইসলাম ভূঁইয়াসহ আরো অনেকে।

১৯ এপ্রিল, ২০২১।