চাঁদপুরে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আটক ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সিএনজি থেকে বাবুরহাট কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে ৩ বখাটেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর মা গতকাল মঙ্গলবার সকালে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৭।
অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে চাঁদপুর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মো. রাশেদুজ্জামান সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া থেকে অভিযুক্ত ৩ বখাটেকে আটক করে।
আটকরা হলো- সদর উপজেলারআশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের জামাল খানের ছেলে হাবীব খান (২৫) মতিন খানের ছেলে শাহাদাত খান (২৮) ও একই এলাকার ওসমান গাজীর ছেলে সিএনজি চালক সবুজ গাজী (২৬)।
মামলা সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বাবুরহাট স্কুল এন্ড কলেজের ছাত্রী সিএনজিতে করে আশিকাটি ইউনিয়নের হাপানিয়ায় বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। ঐ সময় সিএনজিতে থাকা চালক সবুজ ও ২ যুবক কলেজ ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহনীর চেষ্টা করে। এক পর্যায়ে কলেজ ছাত্রীকে সিএনজি থেকে ফেলে দেয় বখাটে যুবকরা।
এ ঘটনায় এসআই মো. রাশেদুজ্জামান জানান, গত ৯ নভেম্বর কলেজ ছাত্রীর মা একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে আশিকাটির হাপানিয়া থেকে ৩ বখাটেকে আটক করি।
চাঁদপুর মডেল থানার (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।