স্টাফ রিপোর্টার
চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি সদর উপজেলার জিলানী চিশতী কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন। পুলিশ গতকাল শনিবার বিকেলে লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
শনিবার (২৯ মে) সকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের একটি ভাড়া বাড়িতে মো. নুরুল বাতেন (৪৫) নামের ওই শিক্ষক আত্মহত্যা করেন।
কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশিদ জানান, ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক। প্রভাষক বাতেন অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তার একটি পা অপারেশন করা হয়। সেখান থেকে তিনি পা নিয়ে দুশ্চিন্তা করতেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জিলানী চিশতী কলেজের এক শিক্ষক গলায় ফাঁস দেওয়ার বিষয়টি কলেজ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন।
নিহতের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর ঘটনা জানা যাবে।
৩০ মে, ২০২১।
