এস এম সোহেল
চাঁদপুরে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
তিনি তার বক্তব্যে বলেন, পুষ্টি, পরিস্কার পরিচ্ছন্নতা, পারিপাশির্^ক অনেক কিছু শিক্ষকরা বাচ্চাদের শিখিয়ে থাকেন। শিক্ষকরা অনেক কাজের কাজী। আমরা সরকারের সব কাজের অংশীদার। সরকার কি চায়, তা আমরা সব সময় করার চেষ্টা করি। উন্নয়ন বলেন, আর শিক্ষা বলেন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার। শিক্ষকরা তা নিশ্চিতে কাজ করছেন। প্রতিটি বিদ্যালয়ের জায়গা আপনারা খালি রাখবেন না। প্রয়োজনে একটি হলেও গাছ লাগাবেন, তা হোক ফলজ বা বনজ। আগে বিদ্যালয় ছিল টিন সেড। আর এখন বিদ্যালয়গুলো বহুতল ভবন করা হয়েছে। পাশাপাশি ওয়াশব্লকও করা হয়েছে।
তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষাকে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাহলে স্মার্ট বাংলাদেশ দ্রুত বিনির্মাণ হবে। তাই শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগে শিক্ষকদের কাজ ছিল শুধু বিদ্যালয়ে এসে পাঠদান করানো। আর এখন আমরা পাঠদানের পাশাপাশি ক্ষুদে চিকিৎসক তৈরি, কাব স্কাউটসহ বিভিন্ন কাজ করছি। আমাদের মধ্যে অনেক জট পড়ে আছে, তা খোলার জন্য আমরা কাজ করছি।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার ডেপুটি প্রোগ্রম ম্যানেজার ডা. নন্দলাল সূত্রধর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
১৪ জুন, ২০২৩।
