শহরে যানজট নিরসন
সজীব খান
চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম ক্ষুদে স্কাউটের কার্যক্রম প্রশংসনীয়। সম্প্রতি দেশে প্রবাহমান উত্তপ্ত তাপদাহের মধ্য দিয়েও চাঁদপুর শহরকে যানজটমুক্ত করতে যাত্রীদের যাতায়াতের সুবিদার্থে স্কাউট যেভাবে কাজ করছে তা সর্বমহলে প্রশংসনীয় হচ্ছে।
অনেক তরুণ যেখানে অলস সময় পার করে বিভিন্ন অপকর্মে রয়েছে, সেখানে নিরলসভাবে কাজ করছে স্কাউট দল। স্কাউটের সদস্যরা মানবকল্যাণে নিজেদের বিলিয়ে দিয়ে উত্তপ্ত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মানবসেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছে।
সড়কে অনেক বয়োবৃদ্ধ রাস্তা পার হতে না পারলে তারা হাত ধরে তাদের রাস্তা পার করে দিয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। ঈদসহ দেশের বিভিন্ন উৎসবে স্কাউট সদস্যরা সড়কে নিরাপত্তার জন্য কাজ করে চলছে। এছাড়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্কাউট দল তাদের কার্যক্রমও ব্যাপক হারে করছে।
সড়কে, মার্কেটের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। তাদের সহযোগিতা করেছে স্কাউট দল। তারাও সড়কে নিরাপত্তার জন্য সক্রিয় থাকায় বিভিন্ন ধরনের নাশকতা থেকে সাধারণ মানুষ রক্ষা পাচ্ছে। ঈদ উপলক্ষে মার্কেটসহ বিভিন্ন সড়কে চুরি-ছিনতাই করার জন্য একটি চক্র সবসময়ই থাকে। পুলিশের পাশাপাশি স্কাউট দল সড়কে থাকায় পথচারীরা পুরো নিরাপত্তা পাচ্ছে।
জনদুর্ভোগ লাঘবে ট্রাফিকসহ প্রতিটি জরুরি সেবা সংস্থা দ্রুত সমন্বিতভাবে কাজ করলে নাগরিক সমস্যা সহনীয় পর্যায়ে চলে আসবে। একই সঙ্গে জরুরি সেবার প্রয়োজনীয় উপকরণগুলোও স্কাউটের হাতে থাকা জরুরি। যেন দ্রুত যেকোন কাজে সহজে মানুষকে সেবা দিতে পারে।
ঈদে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী স্কাউট সদস্যরা সড়কে থাকায় চাঁদপুর পৌরসভাসহ সংশ্লিষ্ট সবাই প্রশংসা করছে। ঈদ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করবেন তারা। চাঁদপুর পৌরসভায় কালী বাড়ি মোড়, পালের বাজার ব্রিজের মোড়ে যানজট লেগে থাকে সারা বছর। প্রতিদিন চতুর্মুখী যাত্রীরা চাঁদপুরের ওপর দিয়ে যাতায়াত করে। সে কারণে চাঁদপুরের এসব গুরুত্বপূর্ণ স্থানে যানজট লেগে থাকে। আগের অভিজ্ঞতা থেকে চাঁদপুরের এসব স্থানে স্কাউট সদস্যরা কাজ করায় যানজট অনেকটা কম হচ্ছে। সড়কের প্রাণ ফিরে আসছে। ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ।
গতকাল সোমবার সকালে স্কাউটের এক সদস্য ইল্শেপাড়কে জানান, ঈদে চাঁদপুরের ওপর দিয়ে কয়েকটি জেলার গাড়ি যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই যানজট নিরসনে রমজান থেকে ঈদ পর্যন্ত স্বেচ্ছাসেবী স্কাউটরা সর্বদা রাস্তায় দায়িত্ব পালন করবেন। চাঁদপুর শহরের যানজট নিরসনে ও শৃংখলায় ক্ষুদে স্কাউটদের কার্যক্রম চোখে পড়ার মতো। ওদের দ্রুত তৎপরতায় দাঁড়াতেই পারছে না অটো সিএনজিগুলো। তীব্র গরমে পুলিশের পাশাপাশি ১৪ থেকে ১৬ বছর বয়সের স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছে। জনগণকে যানজটের হাত থেকে মুক্ত করতে তারা অকাতরে পরিশ্রম করে সেবা দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে স্কাউট প্রশংসনীয় হয়ে আলোচনায় থাকবে।
১৮ এপ্রিল, ২০২৩।
