ফরক্কাবাদ উবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান মিজির (ইনডেক্স নং-৪৪৫৮০০) এমপিও বাতিল করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারীকে খ-কালীন শিক্ষক হিসেবে কর্মরত রেখেছিলেন। এর প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এছাড়া অতিরিক্ত শ্রেণি-শাখা খোলার আগেই শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক পদে যোগদান করেও করণিক পদের এমপিও গ্রহণ, কমিটির রেজুলেশনে নিজের নাম পৃথকভাবে সংযোজনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেন।
চিঠিতে বলা হয়, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান মিজির বিরুদ্ধে সহকারী শিক্ষক হিসেকে যোগদান করেও আগের পদের অর্থাৎ করণিক পদে এমপিও গ্রহণ করার অভিযোগ, অতিরিক্ত শ্রেণি শাখার খোলার অনুমতি পাওয়ার আগে নিয়োগ দেয়ার অভিযোগ, ম্যানেজিং কমিটির রেজুলেশনে মো. হান্নান মিজি নামটি পৃথকভাবে সংযোজনের অভিযোগ ও মো. রফিক উল্লাহ পাটোয়ারী নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান হওয়ার সত্ত্বেও খ-কালীন শিক্ষক হিসেবে তাকে কর্মরত রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে। গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে তার দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় এমপিও নীতিমালা অনুযায়ী তার এমপিও বাতিলের বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে চিঠিতে।
এরই প্রেক্ষিতে ২০২২ সালের ৬ অক্টোবর তারিখে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক কারণ দর্শানো হলে মো. হান্নান মিজি কর্তৃক দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৮.১ (গ) অনুযায়ী তার এমপিও বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১৯ এপ্রিল, ২০২৩।