চাঁদপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

হয় খালেদা জিয়াকে মুক্ত করবো, নয় রাজপথে শহীদ হবো
………..মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। বুধবার (৩ জুলাই) বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিছু বলতে চাই। দেশের ৯০ ভাগ লোক বিএনপির পক্ষে। এদেশে এখন আর কেউ আওয়ামী লীগ করে না। বিএনপির প্রতিবাদী সুর বেজে উঠেছে। যে নেত্রী কোনদিন কোন নির্বাচনে ফেল করেনি, দেশের স্বার্থে কোন আপোষ করেনি সেই নেত্রীকে আপনি আটকে রেখেছেন।
তিনি আরো বলেন, বিএনপি এতো আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু ফল পাচ্ছে না কেন। কেন আমরা হাসিনার সাথে পেরে উঠিনি। তা আমাদের ভেবে দেখতে হবে। আজকের প্রোগ্রাম কোন রাজনৈতিক প্রোগ্রাম নয়। এটি আমাদের অস্তিত্বের প্রোগ্রাম। হয় খালেদা জিয়াকে মুক্ত করবো, নয় রাজপথে শহীদ হবো। শেখ হাসিনাকে বলবো মুক্তিযুদ্ধ হয়েছিল একটি কারণে। আজ আমাদের ভোটের অধিকার গেলো কথা বলার অধিকার গেলো এসবের জবাব কে দিবে? আমরা যার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তার কিছুই এ সরকার রাখেনি। মুক্তিযুদ্ধের সব অর্জন এ সরকার ম্লান করে দিয়েছে।
তিনি আরো বলেন, এই সরকারের থলের বিড়াল বের হতে শুরু করেছে মাত্র। আরো বের হবে। আমি দলের কাছে অনুরোধ করবো। কর্মসূচি অব্যাহত রাখুন, আমাদের বিজয় হবেই হবে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি হুমায়ন কবির, আব্দুস শুক্কুর পাটওয়ারী, শরীফ মো. ইউনুছ, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর রশীদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
এর আগে দলীয় নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।

০৪ জুলাই, ২০২৪।