চাঁদপুরে খ্রিস্টান মৃতকে সমাধিস্থ করলো ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত খ্রিস্টান ব্যক্তিকে সমাধিস্থ করলো ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিশি বিল্ডিং খ্রিস্টান সমাধিস্থলে শহরের নিউলাইফ ডায়গনিক সেন্টারের শেয়ার মালিক ডা. জেসন নব কর্মকারের স্বামী অ্যালবার্ট স্বপন কর্মকারের সমাধিস্থ কাজে সহযোগিতা করে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম।
অ্যালবার্ট স্বপন কর্মকার দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর তাকে ঢাকা শেখ রাসেল বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি তিনদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় থেকে গত শনিবার ভোর সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান। তিনি স্ট্র্যান্ড রোড খ্রিস্টান মিশনে বসবাস করতেন।
অ্যালবার্ট স্বপন কর্মকার করোনা উপসর্গ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্থানীয় কাউন্সিলর ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমকে দাফন-কাফনের জন্য অনুরোধ জানায়। পরে তারা তাদের স্বেচ্ছাসেবক টিম নিয়ে নিশি বিল্ডিং খ্রিস্টান সমাধিস্থলে গিয়ে এ্যাম্বুলেন্স থেকে লাশ নামানো থেকে শুরু করে সমাধিস্থ করতে সব কাজে সহযোগিতা করেন।
ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম আহ্বায়ক শেখ মোহাম্মদ জয়নাল আবদীন জানান, করোনাকালীন সময় এর শুরু থেকে এ পর্যন্ত তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ ১৫৬ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন, সৎকার ও সমাধিস্থ করেছেন। এ করোনাকালীন সময়ে আর্তমানবতার সেবায় ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বেচ্ছায় দাফন-কাফনসহ এ জাতীয় কাজগুলো আঞ্জাম দিতে আমরা সর্বদাই প্রস্তুত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর চরমোনাইয়ের নির্দেশে আমরা প্রথম থেকেই মানবসেবায় ছিলাম এবং আছি। তিনি, সুস্থ ও সুন্দরভাবে মানবতার সেবায় কাজ করতে সবার প্রতি দোয়ার আবেদন করেন।
২১ সেপ্টেম্বর, ২০২০।