চাঁদপুরে গীতিশ বিউটি পার্লারের দ্বিতীয় শাখা উদ্বোধন

সজীব খান
চাঁদপুরে গীতিশ বিউটি পার্লারের দ্বিতীয় শাখা উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার চাঁদপুর শহরের মদিনা টাওয়ারে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. তানভীর হোসেন, গীতিশ বিউটি পার্লারের স্বত্বাধিকারী তিথী সরকার।
জানা গেছে, সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় ছিল দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরন ও মাথাপিছু রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে এটুআই প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো কর্মসংস্থানের জন্য দক্ষতা। সমাজের কোন অংশকে বাদ দিয়ে উন্নয়ন নয় এই মূলমন্ত্র ধরে এটুআই প্রোগ্রামের তরফ থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ঝরে পড়া যুবকদের জন্য এপ্রেনটিসশিপ (শিক্ষানবিস) প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা উন্নয়ন অন্যতম। এটুআই প্রোগ্রামের উদ্যোগে ২০১৬ সালে পাইলট আকারে দেশের ৩০টি উপজেলা এবং ২০১৭ সালে ৫০টি উপজেলায় ইনফরমাল সেক্টরে এপ্রেনটিসশিপ (শিক্ষানবিস) প্রোগ্রাম চালু করা হয়। এছাড়া ফরমাল সেক্টরে ৩৫০টির ও বেশি কোম্পানীর সাথে এপ্রেনটিসশিপ (শিক্ষানবিস) প্রোগ্রাম চালু রয়েছে। এ প্রোগ্রামের সফলতার ভিত্তিতে চলতি বছর নতুন করে ৫টি উপজেলায় ইনফরমাল এপ্রেনটিসশীপ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে শ্যামনগর-সাতক্ষীরা, সাভার-ঢাকা, শ্রীমঙ্গল-মৌলভীবাজার, চাঁদপুর সদর এবং শেরপুর সদর-শেরপুর এ ঝরে পড়া বেকার যুবক-যুব মহিলাদের জন্য এ্যাপ্রেনটিসশিপ (শিক্ষানবিস) প্রোগ্রাম চালু হয়েছে। যা চলতি বছরের গত ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় মোট ৬টি ট্রেডে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করছে। ট্রেডসমূহ- ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং, ট্রেলারিং এন্ড ড্রেস মেকিং, বিউটি পর্লার, ফ্রিজ এয়ার কন্ডিশন, মোবাইল সার্ভিসিং ও গ্রাফিক্স ডিজাইন।