জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে……….জিএম কাদের এমপি
স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে আদর্শগত ১৮০ ডিগ্রি ফারাক থাকলেও দেশ ও জনগণের অপছন্দের কর্মকা-ে তাদের ব্যাপক মিল রয়েছে। জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে। দেশের মানুষকে বিকল্প শক্তি উপহার দেয়ার লক্ষে জাতীয় পার্টি কাজ করছে।
শনিবার (১১ জুন) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে তার দল কাজ শুরু করেছেন। তবে কোনো দল বিশেষ সরকারি বা বিএনপি’র সাথে জোট করবে কিনা, তা পরিস্থিতি ও সময় বলে দেবে।
তিনি বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরে সম্মেলন অনুষ্ঠিত হল।
পরে সম্মেলন সভায় প্রধান অতিথির বক্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আরো বলেন, সাধারণ মানুষের আয় নিম্নমুখী, দূর্বমূল্যের দাম উধ্বগতি। শতকরা ২০ ভাগ মানুষ ভালো আছে। এই বাজেটের মাধ্যমে এই ধরনের মানুষদের বিদেশ থেকে টাকা এনে দুর্নীতি করার সুযোগ করা দিয়েছে এই বাজেটের মাধ্যমে। দেশের অর্থ পাচার হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। প্রতিটি গ্রামে মানুষের মর্মান্তিক মৃত্যু হচ্ছে। মাটি ও মানুষের নেতা হতে চাইলে, মাটি ও মানুষের সাথে মিশে যেতে হবে।
জিএম কাদের বলেন, আমাদের এক ধরনের বিরাজনীতি চলছে। জনগণের কথা শুনার তাদের সময় নেই। বাঙ্গালি জাতি চেয়েছিলো বৈষম্য থেকে মুক্তি। আজকে ৫০ বছর পরে আমরা দেখতে পাচ্ছি জনগণের কোন মুক্তি মিলে নাই। জনগণের মালিকানার এখন রাজনীতি নেই। ভোট এমনভাবে হয় যেখানে জনগণের কথা বলার সুযোগ নেই। জনগণের মালিকানার অধিকার ছিনতাই হয়ে যাচ্ছে। আমরা চাই এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে হবে। জনগণের কথা যেন প্রশাসন শুনে সেই অবস্থা করতে হবে। দুর্নীতি ছাড়া যেন মানুষ সব কাজ করতে পারে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিজের দলের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ এগিয়ে যেতে পারে না। যুদ্ধের ময়তানে যেমন শৃঙ্খলা মেনে চলতে হয় সেভাবে শৃঙ্খলা মেনে চলতে হবে। সংঘবদ্ধ গয়ে থাকতে হবে। সংঘবদ্ধ হয়ে থাকলে যুদ্ধে জয় হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলের মধ্যে, নিজেদের মধ্যে ষড়যন্ত্র আমরা মেনে চলতে পারবো না।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টির প্রাদেশিক সম্পাদক প্রকৌশলী শওকত আকন্দ আলমগীর এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।
এছাড়া জেলা, উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।
১২ জুন, ২০২২।
