জাতিসত্ত্বার জন্য ভোট খুবই গুরুত্বপূর্ণ
……….মাজেদুর রহমান খান

শাহ আলম খান
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, সমস্ত জাতিসত্ত্বার জন্য ভোট খুবই গুরুত্বপূর্ণ। ভোটকে যদি পার্টিকুলার গোল করা হয়, তাহলে আরো গুরুত্বপূর্ণ হবে। আগামি ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন। একই তারিখে দেশে আরো বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে কমিশনের অনেক বড় দায়িত্ব রয়েছে। কিভাবে এই নির্বাচন কিভাবে মোকাবেলা করবে আমরা জানি না।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা নির্বাচন কমিশনের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দেখছি যখন ভোট ইভিএম অর্থাৎ মেশিনে হচ্ছে, তখনই বিশাল অংকে ভোট কমে যাচ্ছে। যা কেউ কল্পনা করে না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পড়েছে ২৬-৭০%। তাহলে ভোট না দেয়া ভোটারের সংখ্যা ৭০%। অর্থাৎ ১শ’ জনের মধ্যে ৭০ জনেই ভোট দেয়নি। যার কারণে পত্রিকায় আমরা বুদ্ধিজীবীদের সমালোচনা আমরা দেখেছি। নির্বাচন সুন্দরভাবে করার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে কাজে লাগানোর জন্য আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।
আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, পৌর নির্বাচনে মহিলা কাউন্সিলর প্রার্থী রেবেকা সুলতানা বকুল।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, আনসার-ভিডিপি চাঁদপুরের উপ-পরিচালক মো. ইব্রাহীম খলিল, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী মো. গিয়াস উদ্দিনসহ নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, দেশে অনেক ধরনের অপরাধ হয়। যখন আইন-শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায় জঙ্গি দমন করার জন্য, তখন তাদের নাম ঠিকানা পাওয়া যায় না। সেজন্য আমরা ভোটারদের তথ্য প্রতিবছর হালনাগাদ করছি। ভোটার আইডি দিয়ে বর্তমানে ২২টি সুবিধা গ্রহণ করছেন। নতুন করে সবার স্মার্ট কার্ড হয়ে গেলে আরো সুযোগ-সুবিধা বাড়বে। রোহিঙ্গারা যাতে করে কোনভাবেই ভোটার আইডি করার সুযোগ নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, দুর্ঘটনায় অনেক লোকজন মারা যায়। কিন্তু অনেক সময় আমরা তাদের সনাক্ত করতে পরি না। নির্বাচন কমিশনের ওয়েব সাইটে গেলে সহজে তথ্য পাওয়া যায় না। এই বিষয়টি আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
আলোচনা সভার আগে চাঁদপুর সার্কিট হাউজ থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।
