চাঁদপুরে জাতীয় সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, উন্নত দেশের চালকরা গাড়ি থামিয়ে জনগণকে রাস্তা পারাপার করান। আমাদেরও এ ধরনের অনুশীলন প্রয়োজন। সড়কে অনেক ধরনের অব্যবস্থাপনা রয়েছে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধুমাত্র দিবসের দিনে সচেতনতা নয়, প্রতিদিনই সচেতনতা থাকতে হবে। সড়কের যেখানে অনিয়ম দেখবেন, সেখান থেকেই ছবি তুলে সংশ্লিষ্টদের জানাবেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সড়ক দিবস উপলক্ষে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুরের সড়কে ছোট যানবাহন বেশি চলছে। ছোট যানবাহনগুলোতেই বেশি দুর্ঘটনা ঘটে। চাঁদপুরে নদীপথেও দুর্ঘটনা কম নয়। আমাদের সতর্ক থাকতে হবে। নিরাপদ সড়ক নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন ভাল কাজ করছে। তাদের মত অন্যরা এগিয়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
বিআরটিএ চাঁদপুরের সহকারী পরিদর্শক জিয়া উদ্দিনের পরিচালনায় অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, বিআরটিএ চাঁদপুরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে শহরের ইলিশ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।