ইজিবাইক আমাদের নগর জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে……..জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইজিবাইক আমাদের নগর জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। এগুলো আসলেই একটি নিয়মের মধ্যে আসা দরকার। এ ব্যাপারের সংশ্লিষ্টদের জানানো হবে।
তিনি আরো বলেন, আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিআইপির অনেক খালে পানি ঢুকছে না, সংশ্লিষ্টরা তা দেখবেন। ডিজিটাল মেলা জেলা প্রশাসনের কোন একার অনুষ্ঠান নয়। সবাই মিলেই করার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না। আমরা সবাই মিলে সমন্বয় করে কাজ করতে চাই। এ জাতীয় দিবসগুলো সরকারি কর্মচারী সবার দায়। এসব জাতীয় দিবসগুলো সবাই মিলে উদযাপন করবো।
বিটিসিএল সম্পর্কে তিনি বলেন, বিটিসিএল’র কিছু কিছু অফিসের সামনে অপরিস্কার লক্ষ্য করা গেছে। সেসব অফিসগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। যেন কোন জঙ্গলের সৃষ্টি না হয়।
হাইমচর উপজেলা প্রসঙ্গে তিনি বলেন, হাইমচরে সরকারের অনেক বড় বিনিয়োগ রয়েছে। তবে হাইমচরের কিছু অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। তবে যা যা দরকার তার ব্যাপারে ব্যবস্থাগ্রহণ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেনসহ আরো অনেকে।
২২ ডিসেম্বর, ২০২২।
