চাঁদপুরে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতা

শিশুদের দেশপ্রেমী হওয়ার শিক্ষা দিতে হবে
…………… মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান



শাহ আলম খান
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে বাংলাদেশ শিশু একাডেমি প্রতি বছরের মতো এবছরও শিশুদের অধিকার এবং শারীরিক-মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজন করেছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুরের আয়োজনে দিনব্যাপী এই জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর ভবনে ৮ উপজেলা থেকে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় একাডেমী ভবন মিলনায়তনে উত্তীর্ণ প্রতিযোগীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
সনদ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, শিশুদের মাঝে এ ধরনের প্রতিযোগিতা তাদের সুপ্ত প্রতিভাগুলোর বিকাশ ঘটায়।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, পুরস্কার পেলে অংশগ্রহণ করাবেন, আর পুরস্কার না পেলে অংশগ্রহণ করাবেন না- তা ঠিক না। শিশুদের বেশি বেশি করে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবেন। শিশুদের দেশপ্রেমী হওয়ার জন্য শিক্ষা দিবেন। আর এ ধরনের শিক্ষা ছোটবেলা থেকেই দিবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, যারা এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছো তাদের জানাই অভিনন্দন, আর যারা পারোনি তারা ভবিষ্যতে পুরস্কার পাওয়ার জন্য আরো ভালোভাবে চেষ্টা করবে।
বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুরের শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদের সভাপতিত্বে এবং অফিস সহকারী গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী ও সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, একাডেমীর নৃত্য প্রশিক্ষক ফাতেমাতুজ্জান্নাত অমিসহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।
৭৯টি বিষয়ের উপর প্রতিযোগিতা শেষে সর্বমোট ২শত ৩৭টি সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছে তারা আগামি ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।