স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিল্পী সমাজ। বুধবার (৩০ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ শিল্পী সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বদ্ধভূমিতে বঙ্গবন্ধুর নামে শিশু পার্ক নির্মাণ ও স্বাধীনতার স্মারক ভাষ্কর্য অঙ্গীকারের রুপ পরিবর্তন এবং জাতীয় পতাকা বিকৃতির প্রতিবাদে এই মানববন্ধন করে তারা।
আগামি ২৪ ঘণ্টার মধ্যে অঙ্গীকারের প্রকৃত রুপ ফিরিয়ে দিতে আলটিমেটাম দেয় মানববন্ধনে অংশগ্রহণকারী শিল্পীরা। অন্যথায় সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেয় বক্তারা।
মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে মুঠোফোনে জাতীয় পর্যায়ের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, কোন অবস্থাতেই ভাষ্কর্যের রুপ পরিবর্তন করা যায় না। যদি করতে হয় সেজন্য জাতীয় শিল্পীদের সাথে বসে সভা করে তা করতে হবে। আমি শুনেছি চাঁদপুরে স্বাধীনতার স্মারক ভাষ্কর্য অঙ্গীকারে সাদা রঙ করা হয়েছে। যদি তা করা হয় তাহলে তা খুবই দুঃখজনক বিষয়।
অঙ্গীকারের ভাষ্কর শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদের ছোট ছেলে সৈয়দ আবদুল্লাহ হাজী বক্তব্যে বলেন, আমারা বাবার জন্য আমরা গর্বিত। আমার বাবা অপারেজ বাংলার ভাষ্কর্যের ভাষ্কর তিনি। চাঁদপুরে ১৯৮৮-৯৯ সালে চাঁদপুরে অঙ্গীকার তারই নকশায় নির্মিত হয়েছে। দীর্ঘ সময় নামফলকে আমার বাবার নামটি ছিল না, তবে বর্তমানে নামফলকে বাবার নামটি লিখা হয়েছে। সেজন্য আমি কর্তৃপক্ষকে ধনবাদ জানাই। তবে কিছুদিন আগে অঙ্গীকারকে প্রকৃত রুপ সিমেন্ট ও পাথরের রঙ পরিবর্তন করে সাদা রঙ করা হয়েছে। এটি সংস্কারের নামে সাদা রঙ করে ভাষ্কর্যের মূল রুপ নষ্ট করা হয়েছে, যা কোনভাবেই কাম্য নয়।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চারুশিল্পী মইনুদ্দিন লিটন ভূঁইয়া, নাট্যকার ও নির্দেশক জিয়াউল আহসান টিটু, চারুশিল্পী মিজানুর রহমান সরকার ও সাংস্কৃতিক সংগঠক রফিক আহমেদ মিন্টুসহ আরো অনেকে।
৩১ মার্চ, ২০২২।
