চাঁদপুরে জেলা প্রশাসনের মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের মাদ্রাসা রোড লঞ্চ টার্মিনাল ঘাট এলাকা থেকে এ পরিচ্ছন্ন সপ্তাহের কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশব্যাপী এখন এডিস মশার আতংক ছড়িয়ে পড়েছে। এ মশার কামড়ে অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। চাঁদপুরেও ১৭ জন জ্বরে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এর ভয়াবহতা রাজধানীতেই বেশি। আমরা চাঁদপুরে অন্যান্য জেলার মতো মশা নিধন ও পরিচ্ছন্নতার সপ্তাহের কার্যক্রম এখান থেকেই শুরু করলাম। পুরো সপ্তাহব্যাপী চাঁদপুরে শহরে স্কাউটস সদস্যদের মাধ্যমে পরিচালনা করা হবে।
উদ্বোধনী পর্ব শেষে করে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান লঞ্চ টার্মিনাল ঘাট, টিলা বাড়ি এলাকা, বিভিন্ন বাসা-বাড়ি ও রাস্তায় ছোট ছোট জলাবদ্ধতায় নিজ হাতেই পরিচ্ছন্ন করে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বাসা-বাড়িতে গিয়ে লোকজনকে অবগত করে যেন বাড়ির আঙ্গিনায় কোনভাবেই যেন ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা নয়। এসব আবর্জনা থেকে মশার বংশ বিস্তার হয়ে থাকে। এডিস মশার কামড়ে জ্বরে আক্রান্ত হতে হবে। তাই সৃষ্টি করে সবাইকে মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজিব, জেলা স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, নৌযান শ্রমিক লীগ সভাপতি বিপ্লব সরকার, রোভার স্কাউটস সম্পাদক আকতারুজ্জামান খোকাসহ স্কাউটসের শতাধিক সদস্য।

২৯ জুলাই, ২০১৯।