চাঁদপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থীর বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান মো. সফিকুজ্জামানের বাড়িতে হামলা করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শহরের বিটি রোডস্থ তার নিজ বাড়ি হাবিব ভিলায় এ হামলার ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিকেল ৩টায় চাঁদপুর সদর মডেল থানার এসআই আ. কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেওয়ান মো. সফিকুজ্জামান চাঁদপুর জেলা বিএনপির বর্তমান যুগ্ম-আহ্বায়ক, সদর উপজেলা বিএনপির সাবেক ২ বারের সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান মো. সফিকুজ্জামান জানান, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল রানা ওরফে নায়ক সোহেলের নেতৃত্বে ১০টি মোটরসাইকেল ও অটোরিক্সা নিয়ে লোকজন অকথ্য ভাষায় গালাগাল করে ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ি ভাঙচুর করে। পরে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠার চেষ্টা করে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর জন্য গত কয়েকদিন ধরে মোবাইলে হুমকি-ধমকি প্রদান করা হচ্ছে। আমার ভোটারদেরও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আমি জাতীয়তাবাদী দল-বিএনপির একজন সদস্য। দলের সম্মেলন আসলে প্রার্থীরা আনন্দে মাঠে কাজ করবে। আমি কোন প্রচার-প্রচারণা করতে পারছি না। আমি ব্যক্তি অন্যায় করতে পারি, তবে আমার বাসা-বাড়ি কেন ভাঙচুর করা হলো। কোন কিছুই আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারবে না। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। ইনশাআল্লাহ আগামি ২ এপ্রিল আমি সাধারণ সম্পাদক পদে আনারস মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে আমি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে বিষয়টি জানিয়েছি। তাদের সাথে পরামর্শ করেই পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

৩০ মার্চ, ২০২২।